বরিশালে আদালতের কার্যক্রম শেষে বের হয়ে নিখোঁজ হয়েছেন সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিম। মঙ্গলবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিখোঁজ শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বরিশাল জেলা নাজির সৈয়দ মাইনুল হাসান জানান, মঙ্গলবার রাত থেকেই বিচারক শেখ ফারহান নাদিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সহকর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।
বরিশাল আদালতের ল্যান্ড ও ভিপি মামলার বেঞ্চ সহকারী মো. রাসেল সিকদার জানান, মঙ্গলবার মাগরিবের নামাজের পর আদালত থেকে বের হন শেখ ফারহান নাদিম। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়া বাসায় আর ফেরেননি তিনি। বাসায় না ফেরায় তার স্ত্রী বিষয়টি অন্য এক বিচারককে জানান। পরে সহকর্মীরা হাসপাতাল, হোটেলসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ নেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাসেল সিকদার আরও জানান, বুধবার সকাল ১০টায় আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। দুপুর ৩টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে নিখোঁজ বিচারকের সন্ধানে নগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে মঙ্গলবার রাত থেকেই বিষয়টি জানার পর পুলিশ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে।
ওসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, আদালত থেকে রিকশাযোগে বের হয়ে শেখ ফারহান নাদিম নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করেন। পরে রাত ১০টার দিকে তাকে বাংলাবাজার এলাকায় দেখা যায়। এরপর তার আর কোনো অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টার দিকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। ফলে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
ওসি মনিরুল ইসলাম জানান, নিখোঁজ বিচারকের সন্ধানে পুলিশ কাজ করছে। তার অবস্থান শনাক্তে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে।