চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। এ বৈঠককে তিন দেশের নেতাদের জন্য নজিরবিহীন বৈঠক হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) শেনজেনের বিমানবন্দরে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। এর আগে দিনের শুরুতে শেনজেনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে ট্রাম্প, শি ও পুতিন একসঙ্গে আলোচনার টেবিলে বসেননি। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্রের বিস্তার ও নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনায় আসতে পারে। ইউক্রেন ও ইরানসহ অন্যান্য আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।
চীনা প্রেসিডেন্ট সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান না। তবে এবার ট্রাম্পকে স্বাগত জানাতে শি নিজেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর আগে শি যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন ট্রাম্প।
ট্রাম্পের আগে শেনজেনে পৌঁছানো পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী কাই কি।
এদিকে, শেনজেনে অনুষ্ঠিত হচ্ছে এপেকের ৩৩তম অর্থনৈতিক নেতাদের বৈঠক। প্রযুক্তি ও শিল্পের জন্য পরিচিত চীনের এই শহরেই এবার বিশ্বের তিন প্রভাবশালী নেতার বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকটি নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বাণিজ্য ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তিন নেতার আলোচনার দিকে নজর রয়েছে।
-টিএস