ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকায় মনোরেল চালুর ভাবনা সরকারের, দুই মাসে সচল ৫০টি এআই সিগন্যাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন সড়কে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যেই ৫০টি পয়েন্টে এআই প্রযুক্তিনির্ভর সিগন্যাল ব্যবস্থা সচল হবে। এসব সিগন্যাল চালু হলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মনোরেল চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, মনোরেলের অন্যতম সুবিধা হলো এটি তুলনামূলক কম জায়গায় অবকাঠামো নির্মাণ করে পরিচালনা করা সম্ভব। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কেও মনোরেল চালুর সম্ভাবনা রয়েছে।

সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি যানজট কমানো ও নগরবাসীর যাতায়াতের সময় সাশ্রয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝