ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জমে উঠেছে নবান্নের মাছের মেলা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম
X

অগ্রহায়ণের সোনাঝরা রোদে গ্রামীণ জনপদে এখন উৎসবের সুর। ধান কাটার সোনালি হাসির সঙ্গে মিশে আছে নবান্নের চিরচেনা গ্রামীণ গন্ধ। এই উৎসবমুখর আমেজে বগুড়ার মোকামতলা উপজেলার উথলী বাজারে বসেছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা।

বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। ঐতিহ্য মেনে এলাকার জামাইরা কে কত বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে পাঠাবেন, তা নিয়ে চলে একধরনের আনন্দের লড়াই। মেলা ঘিরে আশপাশের ২০ থেকে ২২টি গ্রামে বইছে আনন্দের বন্যা। শীতের মিষ্টি রোদের সঙ্গে বিশালাকৃতির মাছ, টাটকা শাকসবজি আর গ্রামীণ লোকজ সংস্কৃতির পসরায় মুখরিত হয়ে উঠেছে পুরো জনপদ।

স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রায় দেড়শ বছর আগে তৎকালীন জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে উথলীতে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে অগ্রহায়ণের নবান্ন উৎসবকে কেন্দ্র করে সেই বাজারেই শুরু হয় এই মাছের মেলা, যা আজ এলাকার সর্ববৃহৎ লোকোৎসবে রূপ নিয়েছে।

মেলায় রুই, কাতলা, চিতল, বোয়াল, সিলভার কার্প ও বিগহেডসহ বিভিন্ন দেশীয় ও চাষের মাছ নিয়ে পসরা সাজিয়েছেন শতাধিক দোকানি। মেলায় পাঁচকেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের মাছ পর্যন্ত উঠেছে। এর মধ্যে সবচেয়ে বড় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে ২৫ হাজার টাকায়। ১৫ কেজি ওজনের একটি রুই মাছ বিক্রি হয়েছে ১৭ হাজার ৫০০ টাকায়।

১০ বছর ধরে মাছ বিক্রি করতে আসা বিক্রেতা বিজয় দাস জানান, তাদের দোকানেই এবার সর্বোচ্চ ২০ কেজি ওজনের কাতলা এবং ১৫ কেজি ওজনের রুই মাছ উঠেছিল। তুলনামূলকভাবে এবার মাছের আমদানি বেশি থাকায় দাম গতবারের চেয়ে কিছুটা কম রয়েছে।

আরেক মাছ বিক্রেতা নয়ন মিয়া বলেন, মেলায় ১৮-২০ কেজি ওজনের কাতলা, ১৫ কেজি ওজনের রুই এবং ১২-১৫ কেজি ওজনের সিলভার কার্প ও কার্পজাতীয় মাছের ভালো বেচাকেনা হচ্ছে। ক্রেতাদের উপচে পড়া ভিড় সামাল দিতে পর্যাপ্ত মাছ নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা।

মেলায় আসা জামাইদের পাশাপাশি অভিভাবক ও শিশুদের উচ্ছ্বাসও পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। ছোট ছোট ছেলেমেয়েদের বায়না মেটাতে এবং তাদের মুখে হাসি ফোটাতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেক বাবা-মা।

ছোট বাচ্চাদের নিয়ে মেলায় আসা ক্রেতা নয়ন কুমার সাহা বলেন, ‌‘আমার ছোট ছেলে-মেয়ের অনেক ইচ্ছে ছিল বাবার সঙ্গে মেলায় এসে মাছ ও মিষ্টি কিনবে। ওদের বায়নাতেই মেলায় আসা। ১২ কেজির একটি বিগহেড মাছ আট হাজার টাকায় কিনেছি। বাচ্চাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে।’

ছোট মেয়ে নুসরাতকে নিয়ে মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করে জিল্লুর রহমান বলেন, ‘অনেক আগে থেকেই এই মেলা হয়ে আসছে। বাচ্চারা মেলা থেকে খেলনা কেনার জন্য বায়না ধরেছিল। তাই তাদের নিয়ে এসেছি।’

মেলায় এসে মাছ কেনার অনুভূতির কথা জানিয়ে বৃষ্টি নামের এক দর্শনার্থী বলেন, ‘মেলাটি প্রায় শতবর্ষী ঐতিহ্য। আমি ছোটবেলা থেকেই আসি। এবার বিয়ের পর দ্বিতীয়বারের মতো বাবার সঙ্গে এসেছি। এখানে এসে বিগহেড ও কাতলা মাছ কেনার পরিকল্পনা আছে। সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে।’

আরেক ক্রেতা শুভ কুমার দাস জাগো নিউজকে বলেন, ‘আমাদের সংসারদিঘী গ্রাম থেকে দুই ভাই মিলে মেলায় এসেছি। আমি সাড়ে পাঁচ কেজি ওজনের একটি রুই এবং আমার ভাই ৯ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছে। নবান্ন উৎসব উপলক্ষে এই মেলা আমাদের প্রাণের আনন্দ।’

মেলায় আসা আরেক ক্রেতা জাফর ইকবাল বলেন, ‘ছোটবেলায় বাপ-দাদাদের সঙ্গে এই মেলায় আসতাম। এখন নিজে শখ করে সামর্থ্য অনুযায়ী দুইটি বড় মাছ কিনছি। একটি অংশ শ্বশুরবাড়িতেও পাঠানো হবে। বড় মাছ কেনার এই উৎসবমুখর প্রতিযোগিতা আমাদের সংস্কৃতিরই একটি সুন্দর অংশ।’

শুধু মাছ নয়, মেলাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ ঐতিহ্যের মিষ্টান্ন, খেলনা এবং বগুড়ার বিখ্যাত দইয়ের দোকান। ক্ষেত থেকে সদ্য তোলা নতুন আলু কেজি ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ নানা ধরনের শীতকালীন সবজির বেচাকেনাও বেশ জমে উঠেছে।

হাজারও মানুষের সমাগম ও উৎসবমুখর এই মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘মেলা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকার লোকজন ও দূর-দূরান্ত থেকে আসা অতিথিরা যাতে নির্বিঘ্নে এই উৎসব উপভোগ করতে পারেন, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।’

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝