গাজীপুরের কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে থানা-পুলিশ। প্রথমে ইবনে সিনা কারখানার সামনে অভিযান চালিয়ে বিপ্লব ও মান্নান নামে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া নিক্ষেপ করা পেট্রোল বোমার ভাঙা কাচের টুকরাও জব্দ করেছে পুলিশ। তবে এসব বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্ফোরকগুলোর উৎস এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এসএস