ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীমান্ত থেকে গান পাউডার এনে ঢাকায় পরীক্ষা, গ্রেপ্তার ৩
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করে ঢাকায় এনে এর কার্যকারিতা পরীক্ষার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। ডিবির দাবি, রাজধানীর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল তাঁদের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ডিবির মিরপুর বিভাগ নজরদারি বাড়ায়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিও ক্লিপের সূত্র ধরে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল বলে জানান তিনি।

ডিবি সূত্র জানায়, এর ধারাবাহিকতায় ১৭ নভেম্বর রাত ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। মামুন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন তিনি। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য সেগুলো ঢাকায় আনেন। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করতেন বলেও ডিবিকে জানান মামুন।

মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরাও এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেখান থেকে গান পাউডার সংগ্রহ এবং বিভিন্ন স্থানে বিতরণের বিষয়ে কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড পাওয়া গেছে। এ ছাড়া গান পাউডারের কার্যকারিতা যাচাই করতে একটি বাথরুমের ভেতরে পরীক্ষা চালানোর ভিডিওও মামুনের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে।

ডিবির আরেকটি সূত্রের দাবি, উদ্ধার করা গান পাউডার দিয়ে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নাশকতার পরিকল্পনা ছিল। এসব স্থানে অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য ছিল তাঁদের।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝