চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে দ্রুত চলে যেতে দেখা গেছে।
পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি পুলিশ লাইনের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর দেখতে পাননি। পরে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত হন।
ঘটনার পর চুরি যাওয়া গাড়িটির সন্ধানে পুলিশের একাধিক দল তল্লাশি শুরু করেছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, চুরি হওয়া গাড়িটি হালিশহর থানার পুরোনো একটি পিকআপ ভ্যান। টহল দলের সদস্যরা গাড়িটি নিয়ে বের হয়েছিলেন। তাঁদের ধারণা, দলে তিনজন সদস্য ছিলেন। তাঁরা পুলিশ লাইনের সামনে গাড়ি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। সিসি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত চলে যেতে দেখা গেছে। তাঁকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।
এসএস