চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সংস্থার সক্ষমতা যাচাইয়ে লাইভ সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেল এ মহড়ার আয়োজন করে। এতে বন্দরের নিরাপত্তা স্তর ১, ২ ও ৩ অনুযায়ী বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়।
মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে প্রবেশ, অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দরে অনুপ্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্ত ও বোমা নিষ্ক্রিয়করণের মতো পরিস্থিতি তৈরি করা হয়। পাশাপাশি অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টার ঘটনাও অনুশীলন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।
এ মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সম্মিলিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।
এসএস