ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎ফলন কমেছে এক-তৃতীয়াংশ, বেশি দামে সুপারি কিনে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সকাল হতেই ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে জমে ওঠে পিরোজপুরের সুপারির হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাজার। আকর্ষণীয় রং, বড় আকার ও উন্নত মানের কারণে দেশজুড়ে রয়েছে পিরোজপুরের সুপারির ব্যাপক চাহিদা। তবে এবার গত বছরের তুলনায় ফলন কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। এতে হতাশ চাষিরা। অন্যদিকে, বেশি দামে সুপারি কিনেও মোকামে প্রত্যাশিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কায় রয়েছেন পাইকার ও ব্যবসায়ীরা।
‎
‎পিরোজপুরের অন্যতম বড় তিনটি সুপারির হাট হলো জিয়ানগর বাজার, কাউখালী বাজার ও পিরোজপুর সদরের পাঁচপাড়া বাজার। সপ্তাহের শুক্র ও সোমবার এসব হাটে কোটি টাকার সুপারি বেচাকেনা হয়। এই তিনটি হাটকে কেন্দ্র করে প্রায় তিন শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। তাঁদের কেউ প্রতিদিন এক হাজার, কেউবা তিন হাজার টাকা পর্যন্ত আয় করেন। বর্তমানে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। জেলাজুড়ে ছোট-বড় প্রায় ৭০টি সুপারির হাট রয়েছে।
‎
‎চাষিরা জানান, জেলার সাত উপজেলাতেই গত বছরের তুলনায় এবার সুপারির ফলন কম হয়েছে। বড় মোকামে চাহিদা কম থাকলেও স্থানীয় বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়া যাচ্ছে। ফলে উৎপাদন কম হলেও বিক্রিতে কিছুটা স্বস্তি রয়েছে তাঁদের। তবে ফলন কমে যাওয়ায় সামগ্রিকভাবে হতাশ চাষিরা।
‎
‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে পিরোজপুর জেলায় চার হাজার ৬৬৯ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৬৭৬ মেট্রিক টন। যার আনুমানিক বাজারমূল্য ৮৪০ থেকে ৯৩০ কোটি টাকা। শুকনো সুপারি প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়।
‎
‎জিয়ানগর উপজেলার ইন্দুরকানী গ্রামের সুপারি চাষি মো. কবির হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন অনেক কম হয়েছে। তিনি প্রতি কুড়ি সুপারি ৮০০ টাকা দরে বিক্রি করেছেন। ফলন কম হলেও দাম কিছুটা বেশি পাওয়ায় বর্তমানে সুপারি বিক্রি করে ভালো দাম মিলছে। আবহাওয়ার কারণে ফলন কমে থাকতে পারে। তবে সুপারি চাষে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাননি তিনি।
‎
‎একই উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের চাষি আব্দুল আলিম শেখ বলেন, তাঁদের এলাকায় সুপারির ফলন কম হলেও দাম ভালো। কৃষি অফিস থেকে তাঁরা কোনো পরামর্শ বা সহযোগিতা পান না। কৃষি বিভাগের সঠিক সহযোগিতা পেলে সুপারি চাষে আরও লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।
‎
‎আরেক চাষি বলেন, গত বছরের তুলনায় এবার সুপারির ফলন প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। তবে বাজারে গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ দাম পাওয়া যাচ্ছে। ফলন কম হওয়ার কারণ আল্লাহই ভালো জানেন। তাঁদের এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ সুপারি চাষের ওপর নির্ভরশীল। অথচ এ বিষয়ে কৃষি অফিস থেকে কোনো পরামর্শ পান না তাঁরা।
‎
‎জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারসংলগ্ন ব্যবসায়ী মো. এবাদুল সিকদার বলেন, এ বছর সুপারির ব্যবসা ভালো যাচ্ছে না। অন্যান্য বছরের তুলনায় এবার প্রায় এক-তৃতীয়াংশ ফলন হচ্ছে। উৎপাদন কম হওয়ায় বেশি দামে সুপারি কিনতে হচ্ছে। অন্যদিকে, মোকামে দাম কম থাকায় ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে।
‎
‎তিনি আরও বলেন, প্রতি হাটে সাত থেকে আট লাখ টাকার সুপারি কেনেন তিনি। এসব সুপারি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এর মধ্যে রয়েছে ঢাকা, মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, সৈয়দপুর ও পঞ্চগড়।
‎
‎কাউখালী বাজারের ইজারাদার রফিকুল ইসলাম বলেন, এটি শত বছরের পুরোনো বাজার। এখানে সরকারের নির্ধারিত মূল্যেই খাজনা নেওয়া হয়। এ কারণে জেলার বিভিন্ন উপজেলা থেকে চাষিরা সুপারি বিক্রি করতে আসেন। কাউখালীতে সুপারির ব্যবসা মূল ব্যবসার প্রাণকেন্দ্র। খাজনা কম হওয়ায় দূর-দূরান্তের চাষিরাও এ বাজারে সুপারি নিয়ে আসেন।
‎
‎জিয়ানগর হাটে সুপারি কিনতে আসা নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, এবার সুপারির দাম বেশি। যে দামে সুপারি কিনছেন, সেই দামে বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। লাভের পরিমাণও খুব কম। তবে কিছু সুপারি মজুত করতে পারলে ভবিষ্যতে লাভবান হওয়ার আশা করছেন তিনি।
‎
‎পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুরের সুপারির রং আকর্ষণীয় এবং আকারেও বড়। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা রয়েছে। এখানকার সুপারি দেশের নানা এলাকায় সরবরাহ করা হয়। সুপারি চাষে নিয়মিত পরিচর্যার বিষয়ে পরামর্শসহ চাষিদের বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
‎
‎পিরোজপুরের সুপারির চাহিদা দেশ-বিদেশে
‎
‎পিরোজপুরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার উৎপাদিত কাঁচা, পাকা, শুকনো ও মাটিতে ভিজিয়ে রাখা (মজা সুপারি) সুপারি আকারে বড়, মানসম্মত ও সুস্বাদু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, যশোর, রংপুর, ময়মনসিংহ ও পঞ্চগড়সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এসব সুপারি। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এ অঞ্চলের সুপারি বিশেষ স্থান তৈরি করেছে।
‎
‎কাউখালীর ঐতিহ্যবাহী সুপারির হাট, জিয়ানগর বাজার ও পিরোজপুর সদরের পাঁচপাড়া বাজারের মতো বড় বাণিজ্যিক কেন্দ্র থেকে প্রতিবছর কোটি কোটি টাকার সুপারি দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পাঠানো হয়। জানা গেছে, পিরোজপুর ও আশপাশের অঞ্চলের সুপারি দেশের চাহিদা মেটানোর পর প্রধানত ভারতে রপ্তানি করা হয়।
‎
‎ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগর এলাকায় এ সুপারির ব্যাপক চাহিদা রয়েছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সৌদি আরবসহ কয়েকটি দেশেও এখানকার সুপারি পাঠানো হচ্ছে।

‎জাকির হোসেন ফরাজী/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝