নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেঘলা পরিবহনের দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। আগুনে বাস দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরের দিকে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মাসুমের গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হোটেল কর্মচারী সাদেক মিয়া জানান, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত চার যুবক এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেয়। এ সময় তারা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাস দুটি আংশিক পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাস দুটির মালিক শহিদুল আলম জানান, প্রতিদিনের মতো বাস দুটি মাসুমের গ্যারেজের সামনে রাখা ছিল। বুধবার ভোর ৪টার দিকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত চার যুবক বাস দুটিতে আগুন দেয়।
ঘটনার খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও আগুন দেওয়ার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এসএম/আরএন