বগুড়ার শিবগঞ্জের উথলী গ্রামে নবান্ন এলেই বদলে যায় পুরো এলাকার চিত্র। ঘরে ঘরে উৎসব, আত্মীয়স্বজনের আনাগোনা, জামাই-মেয়ের আপ্যায়ন আর বড় মাছ কেনার ধুম। প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলাকে ঘিরে একদিনের জন্য মিলনমেলায় পরিণত হয় আশপাশের ২২টি গ্রাম। ২৫ কেজির ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা কিংবা ১৬ কেজির রুই—বিশাল আকৃতির মাছ দেখতে যেমন মানুষের ভিড়, তেমনি চলে লাখ লাখ টাকার কেনাবেচা।
মেলায় মাছ কিনতে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন রাসেল। অনেকক্ষণ ঘুরে ও দেখেশুনে শেষ পর্যন্ত ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছেন তিনি। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা হিসাবে মাছটির দাম পড়েছে ২৫ হাজার ২০০ টাকা। রাসেল জানান, মেলা উপলক্ষে তাঁদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন এসেছেন। তাঁদের আপ্যায়নের জন্যই বড় মাছটি কেনা হয়েছে।
রাসেলের মতো হাজারো মানুষের পদচারণায় বুধবার সকাল থেকেই মুখর হয়ে ওঠে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামের বটতলা। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের ভিড়ে জমে ওঠে ঐতিহ্যবাহী এই মাছের মেলা।
স্থানীয়দের ভাষ্য, সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রায় আড়াইশ বছর ধরে উথলীতে এই মেলা বসছে। একসময় নবান্ন উৎসবকে ঘিরে মেলার আয়োজন হলেও সময়ের বিবর্তনে এটি এখন মাছের মেলা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে। প্রতিবছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে পঞ্জিকা অনুযায়ী নির্দিষ্ট দিনে বসে এই মেলা।
মেলার বিশেষ আকর্ষণ শুধু বিশাল আকৃতির মাছ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ সংস্কৃতি ও আত্মীয়তার বন্ধন। মেলাকে কেন্দ্র করে উথলীসহ আশপাশের ২২টি গ্রামের প্রতিটি বাড়িতে চলে উৎসবের আয়োজন। মেয়ে-জামাই, আত্মীয়স্বজনকে আগেভাগেই নিমন্ত্রণ করা হয়। নতুন ধানের চালের নবান্নের পাশাপাশি মেলা থেকে কেনা বড় মাছ, নতুন আলু ও নানা রকম সবজি দিয়ে চলে আপ্যায়ন।
স্থানীয় যুবক আরেফিন, আজিজুর রহমান ও বাদল রায় জানান, ঈদ কিংবা পূজায় দাওয়াত না দিলেও এই মেলায় আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করতেই হয়। শ্বশুরবাড়িতে জামাই আসেন, আবার জামাইয়ের বাড়িতেও আসেন আত্মীয়রা। অনেক সময় শ্বশুর জামাইকে মাছ কেনার জন্য টাকা উপহার দেন। কেউ উপহারের টাকায়, আবার কেউ নিজের টাকায় বড় মাছ কেনেন। অনেকে শুধু মাছ দেখতে আসেন, আবার পছন্দ হলে মাছ কিনেই বাড়ি ফেরেন।
মেলায় সরেজমিনে দেখা যায়, উথলী ও আশপাশের বিভিন্ন স্থানে সারি সারি দোকানে সাজিয়ে রাখা হয়েছে রুই, কাতলা, চিতল, বোয়ালসহ নানা প্রজাতির মাছ। এবারের মেলায় ২৫ কেজি ওজনের ব্ল্যাক কার্প, ২০ কেজির কাতলা, ১৬ কেজির রুই, পাঁচ কেজির কাকলে মাছসহ বিগহেড, সিলভার কার্প ও বিভিন্ন প্রজাতির বড় মাছের সমাহার ছিল।
বিক্রেতারা জানান, বিশাল আকৃতির রুই ও কাতলা মাছ প্রতি কেজি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, চিতল প্রায় ৮০০ টাকা এবং মাঝারি আকারের মাছ ২৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ব্ল্যাক কার্প, বিগহেড ও সিলভার কার্পের দাম ছিল প্রতি কেজি ৪০০ থেকে ৮০০ টাকা।
মাছের পাশাপাশি মেলার চত্বরে বসেছে নতুন আলু, মিষ্টি আলু, শাকসবজি, মিষ্টান্ন, দই, মাংস ও নানা রকম পণ্যের দোকান। শিশুদের আকর্ষণ বাড়াতে রয়েছে মাটির তৈরি খেলনা ও বিভিন্ন ধরনের খেলনার দোকানও। নতুন আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা এবং মিষ্টি আলু ১৫০ থেকে ২০০ টাকা দরে।
মাছ বিক্রেতা শিবগঞ্জ উপজেলার আবু বক্কর জানান, মেলায় ছোট-বড় মিলিয়ে শতাধিক মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা অন্তত পাঁচ থেকে ১০ মণ মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য আগের রাত থেকেই ২০টি আড়ৎ খোলা হয়। সেখান থেকে স্থানীয় ব্যবসায়ীরা পাইকারি দরে মাছ কিনে মেলায় খুচরা বিক্রি করেন।
বগুড়ার ফতেহ আলী বাজারের মাছ ব্যবসায়ী কৃষ্ণ জানান, তিনি প্রতিবছরই এই মেলায় মাছের দোকান নিয়ে আসেন। গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি হয়েছে। তাঁর দোকানে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রির জন্য রাখা হয়েছে।
মেলার নিরাপত্তা প্রসঙ্গে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, উথলীর ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলাকে কেন্দ্র করে আশপাশের ২২টি গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয়স্বজনের মিলনমেলা বসে। মেলা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, এক দিনের এই মেলায় মাছ, সবজি, মিষ্টান্নসহ বিভিন্ন পণ্যের কেনাবেচা মিলিয়ে কয়েক কোটি টাকার বাণিজ্য হয়। তবে বেচাকেনার হিসাব ছাপিয়ে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো শত বছরের ঐতিহ্য, গ্রামীণ সম্প্রীতি আর আত্মীয়তার বন্ধন। নবান্নের আনন্দকে ঘিরে তাই প্রতিবছরই উথলীর বটতলায় ফিরে আসে মানুষের এই মিলনমেলা।