ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে ৫০ হাজার তরমুজের চারা নষ্টের অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম
X

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে সাত কৃষকের উৎপাদিত প্রায় ৫০ হাজার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় তহশিলদার তারেকুল ইসলাম ও ধানখালী ইউনিয়নের কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় কৃষকদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, আসন্ন মৌসুমে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে সাতজন কৃষক প্রায় ১০ কানি জমিতে চাষাবাদের জন্য পলিব্যাগে তরমুজের বীজ রোপণ করে চারা উৎপাদন করছিলেন। এ সময় তহশিলদার তারেকুল ইসলামের নির্দেশে ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হাওলাদারের নেতৃত্বে একদল লোক এসে তাঁদের উৎপাদিত চারাগুলো নষ্ট করে দেয়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন—আলতাফ মৃধা, লতিফ মৃধা, দুলাল মৃধা, সোলায়মান মৃধা, হোসেন মৃধা, রব্বানি মৃধা ও জামাল শিকদার।

কৃষকদের আরও অভিযোগ, ঘটনার সময় তহশিলদার তারেকুল ইসলাম কয়েকজন নারীর গায়ে হাত তোলেন এবং তাঁদের মারধর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী কৃষকরা জানান, নিজেদের ক্রয়কৃত ও ভোগদখলীয় জমিতে তরমুজ চাষের প্রস্তুতি হিসেবে তাঁরা বীজ থেকে চারা উৎপাদন করছিলেন। কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের কষ্টার্জিত চারাগুলো নষ্ট করা হয়েছে। এতে তাঁরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তহশিলদার তারেকুল ইসলামসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগ অস্বীকার করে তহশিলদার তারেকুল ইসলাম বলেন, “আমি সরকারি আদেশে জমি দেখার জন্য গিয়েছিলাম। চারা নষ্ট করার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি।”

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “ঘটনাটি সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝