নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলের প্রায় দেড় হাজার পোশাক কারখানায় শ্রমিকরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।
ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দরসহ জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। নভেম্বরের শুরুতে কাঠেরপুল শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, আনসার ব্যাটালিয়ন, জেলা পুলিশ, শিল্প পুলিশ ও এসআরবি-১১-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা গেছে। শ্রমিক বিক্ষোভের পর নারায়ণগঞ্জের কোথাও পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি।
শ্রমিকরা জানান, তারা দ্রুত ন্যায্য মজুরি বাস্তবায়ন চান। শ্রমিক, মালিক ও সরকারপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হবে বলে প্রত্যাশা তাদের।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, শিল্পাঞ্চলের যেসব এলাকায় আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো চিহ্নিত করে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে দেড় হাজারের বেশি পোশাক কারখানায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও বলেন, মালিক ও শ্রমিকদের আন্তরিকতার কারণেই শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। নারায়ণগঞ্জে নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এসএস/আরএন