ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সৌর প্যানেল স্থাপনের কারিগরি প্রস্তুতি, দরপত্র আহ্বান ও বাস্তবায়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কমিটি।
বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মূলতবি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তৈরি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুতের মোট চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং পরবর্তী বাস্তবায়ন পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
এ ছাড়া পাবলিক প্রকিউরমেন্ট রুলস এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয় পর্যালোচনায় কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটিও গঠন করা হয়।
সভায় ডিপিডিসিকে তাদের প্রস্তুত করা কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সভার আগেই দরপত্র আহ্বায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস