দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার পর ঢাকায় এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ব্যক্তির সম্ভাব্য আশ্রয়স্থলে পুলিশের নজরদারি রয়েছে। শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চালানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন, তাঁদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।
নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
এডিসি নিয়াজ মেহেদী বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের নজরদারি চলছে।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়।
এর আগের দিন মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
-টিএস