গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বুধবারের একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যা বেশি।
তিনি বলেন, দেশের আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সময় ও প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকারে পরিবর্তন আনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বেশি গুরুত্ব পায়। এবার একনেকের অনুমোদিত প্রকল্পে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও বেশি প্রকল্প অন্তর্ভুক্ত হতে পারে।
গ্রাম ও শহরের উন্নয়নের ব্যবধান কমিয়ে দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
-টিএস