নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচারে তথ্য যাচাই, দায়িত্বশীল উপস্থাপনা এবং আতঙ্ক সৃষ্টিকারী প্রচার পরিহারে প্রয়োজনীয় নির্দেশনা জারির দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগ ওঠা অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন, ভাঙচুর ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের খবর টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সম্পর্কে জনগণকে অবহিত করা গণমাধ্যমের দায়িত্ব হলেও যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য এবং একই ঘটনার বারবার প্রচার জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পরিবহণশ্রমিকসহ সাধারণ নাগরিকদের মধ্যে এ ধরনের সংবাদ অযথা ভীতি সৃষ্টি করতে পারে। এর প্রভাব পড়তে পারে স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠন বা সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কার্যক্রম এমনভাবে প্রচার করা উচিত নয়, যাতে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রচার-প্রসার, প্রত্যক্ষ উসকানি কিংবা যাচাইবিহীন হুমকির বিস্তার ঘটে।
তবে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন করা এ নোটিশের উদ্দেশ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও জননিরাপত্তাসংশ্লিষ্ট জনস্বার্থের সংবাদ প্রচারে বাধা দেওয়ার দাবি জানানো হয়নি। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী সংবাদ প্রচার এবং সহিংসতায় উসকানিমূলক উপস্থাপনা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এ লক্ষ্যে নোটিশে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগ ওঠা সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারি করা। পাশাপাশি টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমকে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া সহিংসতার ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম ও একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া, অপরাধে প্রত্যক্ষ উসকানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত বিষয়গুলো আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত পদক্ষেপ সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এসএস