দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং একাধিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের প্রতিভা বিকাশে খেলাধুলা, চিত্রকলা, সংগীত ও সংস্কৃতিচর্চায়ও যুক্ত থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে অন্তত আরও একটি ভাষা শেখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীদের সামনে ভবিষ্যতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দেশের উন্নয়ন ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদসহ জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন ছিলেন।
এ ছাড়া ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডুসাপ) ৫১ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
-টিএস