রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের খেলার মাঠ ভরাটের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই সঙ্গে মাঠে আলোর ব্যবস্থা, এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পাড় বাঁধাই এবং প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, স্কুল পাসের পর কলেজজীবনের প্রথম দুই বছর একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়কে যারা কাজে লাগাতে পারবে, তারাই জীবনে প্রতিষ্ঠিত হবে। তাই এই সময়ে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
তিনি বলেন, কলেজজীবনের শুরুতে অনেক শিক্ষার্থী নিজেকে বড় মনে করে স্বাধীনভাবে চলতে চায়। কেউ ধূমপানে জড়িয়ে পড়ে, মা-বাবার কথা শুনতে চায় না। তবে যারা নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে পড়াশোনায় মনোযোগী থাকবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎও জড়িত।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে আবদুস সালাম বলেন, তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে শৃঙ্খলা ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষও নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর প্রত্যাশা, অধ্যক্ষ শিক্ষার্থীদের মধ্যেও সেই শিক্ষা ও মূল্যবোধ গড়ে তুলছেন।
কলেজটির প্রশংসা করে তিনি বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ আজ সারা দেশে পরিচিত ও নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা একদিন এই প্রতিষ্ঠানের পরিচয় দিতে গর্ববোধ করবে। তাই প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও দেশকে প্রত্যাশিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও দেশকে ভুলে যাওয়া যাবে না।
তিনি বলেন, পৃথিবীতে কয়টি দেশ আছে, যে দেশের ছেলেমেয়েরা নিজেদের ভাষার জন্য রক্ত দিয়েছে? এমন দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সেই দেশটি হলো বাংলাদেশ। কাজেই বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, আমাদের ভাষা নিয়ে গর্ব করি।
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার পাশাপাশি সংস্কৃতিচর্চার ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, গান শেখা, গান শোনা, নাটক দেখা ও নাটকে অংশ নেওয়ার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত হতে হবে।
ঢাকার ঐতিহাসিক স্থানগুলো শিক্ষার্থীদের ঘুরে দেখানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি বাস বিনা মূল্যে দেওয়া হবে। এসব বাসে শিক্ষার্থীরা লালবাগ কেল্লা, শহীদ মিনার, আহসান মঞ্জিলসহ ঢাকার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাবে। এ জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে।
ঢাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা চেয়ে আবদুস সালাম বলেন, সবাইকে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এতে এডিস মশার প্রজনন বন্ধ করা এবং ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব হবে। সবাই একটি করে গাছ লাগালে ঢাকার পরিবেশও সুন্দর হবে।
এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শামসুল হক খান কলেজ এলাকায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বরাদ্দ আনার কথাও তাঁকে জানানো হয়েছে। গতকাল তিনি নিজে উপস্থিত থেকে একটি খাল পরিষ্কারের কাজ করেছেন। খালটি খনন এবং এর পাড় বাঁধাই করে দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে এ কাজে কিছু মানুষের ক্ষতি হলেও তা মেনে নিতে হবে।
এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আপনাদের যেখানে যেখানে কালভার্ট প্রয়োজন, আমি নিজে উদ্যোগ নিয়ে করে দেব। সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই-তিনটি কিংবা যতগুলো প্রয়োজন, সেগুলো নির্মাণ করে দেওয়া হবে।’
কলেজের মাঠের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের কাছে জানতে চান, তাঁরা মাঠ চান কি না। শিক্ষার্থীরা হাত তুলে সমর্থন জানালে আবদুস সালাম আগামী এক সপ্তাহের মধ্যে মাঠ ভরাটের কাজ শুরুর ঘোষণা দেন। একই সঙ্গে মাঠের উন্নয়নে অন্যান্য দাবি বিবেচনা এবং মাঠে আলোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু নিজেদের জন্য নয়, এলাকার মানুষের জন্যও মাঠ চেয়েছে। বিষয়টি তাঁর ভালো লেগেছে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হলে কোটি কোটি টাকা ব্যয় করতেও তিনি প্রস্তুত। এটিকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।
ঢাকার উন্নয়ন ও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, বর্তমানে তিনি ডিএসসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী দিনে জনগণের সমর্থন পেলে এবং আল্লাহর ইচ্ছা থাকলে ঢাকার মেয়র হওয়ার সুযোগ হতে পারে। অনেকে তাঁকে বলেছেন, নির্বাচনে অংশ নেবেন বলে এখন উন্নয়নকাজ করছেন, কিন্তু মানুষ তাঁকে ভোট দেবে না। এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান, তাঁরা তাঁকে ভোট দেবেন কি না। ভালো কাজ করলে বেশির ভাগ মানুষই সমর্থন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী পাঁচ বছরে ঢাকা ও দেশের চেহারা পাল্টে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর তারেক রহমান যদি দেশ পরিচালনা করতে পারেন এবং আমরা যদি পাঁচ বছর সিটি করপোরেশন পরিচালনার সুযোগ পাই, তাহলে এই ঢাকা শহরসহ বাংলাদেশের চেহারা পাল্টে দেব, ইনশা আল্লাহ।’
এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে আবদুস সালাম বলেন, একা প্রধানমন্ত্রী কিংবা তাঁর পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সঠিক পরিকল্পনা এবং অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে অনেক কিছুই করা সম্ভব। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর নিজের এবং কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার জন্য দোয়া করতে বলেন আবদুস সালাম। অধ্যক্ষের প্রশংসা করে তিনি বলেন, সমাজের প্রতিটি ঘরে ঘরে এমন যোগ্য ও ভালো মানুষের জন্ম হওয়া প্রয়োজন।
কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, নবীউল্লাহ খান নবী, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতারা।
-টিএস