ইয়েমেনের লাহিজ প্রদেশের তুর আল-বাহাহ এলাকায় সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সামরিক রসদ ও সেনা সমাবেশের লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ ও বিমান হামলার মধ্যেই এ লড়াই শুরু হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
তাইজ থেকে আল জাজিরার প্রতিবেদক হাদিল আল-ইয়ামানি জানান, এলাকায় সরকারি বাহিনী ও হুথি গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে।
স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, হুথিরা বেসামরিক মানুষ ও আবাসিক এলাকায় গোলাবর্ষণ করছে। জাবাল সাবরের কয়েকটি গ্রাম পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডর খুলে দেওয়ার জরুরি আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক আরও জানান, এসব এলাকায় প্রতিদিন বেসামরিক মানুষকে লক্ষ্য করে স্নাইপার হামলা চালানো হচ্ছে। এতে নারী ও শিশুসহ অনেকে নিহত ও আহত হচ্ছেন।
-টিএস