যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। এর মধ্য দিয়ে সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়িয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। একই সঙ্গে ইতিহাস গড়েছেন পেলটোলা। তিনি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম আলাস্কা নেটিভ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নির্বাচনের ফল ঘোষণা করে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। প্রায় দুই সপ্তাহ ধরে ভোট গণনার পর এ ফলাফল আসে।
নির্বাচনে মেরি পেলটোলা প্রথম পছন্দের ভোটের ৫০ দশমিক ১ শতাংশ পেয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ড্যান সুলিভানকে পরাজিত করে আলাস্কার সিনেট আসনটি ডেমোক্র্যাটদের দখলে আসে।
পেলটোলার এ জয়ের ফলে যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬টিতে। অন্যদিকে রিপাবলিকানদের আসনসংখ্যা ৪৪। এবারের মধ্যবর্তী নির্বাচনে মোট নয়টি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।
৫৩ বছর বয়সী মেরি পেলটোলা একজন ইউপিক জনগোষ্ঠীর প্রতিনিধি। ২০২২ সালে তিনি আলাস্কার একমাত্র প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। এবার সিনেটে জয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন তিনি।
২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের আসনটি রিপাবলিকান নিক বেগিচের কাছে হারিয়েছিলেন পেলটোলা। তবে ২০২৬ সালের নির্বাচনে সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে এলেন তিনি।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, জ্বালানি ও খাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পেলটোলা। পাশাপাশি ‘আলাস্কা ফার্স্ট’ স্লোগান সামনে রেখে স্থানীয় মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।
নির্বাচনের শেষ পর্যায়ে পেলটোলার প্রচারশিবিরের বিরুদ্ধে একই নামের আরেক ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, ড্যান সুলিভান নামের আরেক প্রার্থীকে মাঠে নামিয়ে বর্তমান রিপাবলিকান সিনেটরের ভোট কমানোর চেষ্টা করা হয়েছিল।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মেরি পেলটোলা। তাঁর দাবি, এ ধরনের কোনো পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন না।
এদিকে নির্বাচনের ফলাফল প্রত্যয়ন ঠেকাতে মার্কিন বিচার বিভাগ (ডিওজে) মামলা করেছিল। তবে ফেডারেল আদালত মামলাটি খারিজ করে দেন। পরে বিচার বিভাগ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। বিষয়টি নিয়ে তদন্তও চলছে।
অন্যদিকে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনসংক্রান্ত আইনি প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি।
আগামী ২৫ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রত্যয়নের কথা রয়েছে।
মেরি পেলটোলা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, আলাস্কার মানুষের সমর্থন পাওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
এফএস