২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় নতুন করে উত্তাল অস্ট্রেলীয় ক্রিকেট। ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নামে পরিচিত সেই ঘটনায় জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য স্বাধীন একটি ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তবে এটি নতুন কোনো তদন্ত নয়। এ প্রক্রিয়ায় কাউকে নতুন করে শাস্তিও দেওয়া হবে না।
এমনকি কাউকে অংশ নিতে বাধ্যও করা হবে না।
সম্প্রতি প্রকাশিত নিজের স্মৃতিকথায় সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো অস্ট্রেলিয়া দলই জানত।
ওই সময়ের তদন্তে যে তথ্য উঠে এসেছিল, খাজার এই দাবি তার সঙ্গে সাংঘর্ষিক।
তার মন্তব্যের পর সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেট মৌসুমের শুরুটাও ঢাকা পড়ে গেছে পুরোনো এই বিতর্কে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আলোচনার মাধ্যমে এই অধ্যায়ের ইতি টানতে চান তারা। বুধবার তিনি বলেন, ‘গত এক সপ্তাহে ২০১৮ সালে কেপটাউনে কী ঘটেছিল, তা নিয়ে আমরা একাধিক পরস্পরবিরোধী বক্তব্য পেয়েছি। বিষয়টি ক্রিকেট এবং এর সঙ্গে জড়িত সবার জন্যই কঠিন ও অস্বস্তিকর সময় তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘এখন পরিষ্কার হয়েছে, সে সময় কিছু খেলোয়াড়ের বক্তব্য শোনা হয়নি। কোনো ধরনের বিচার বা শাস্তির ভয় ছাড়াই এবার তাদের কথা বলার সুযোগ তৈরি হয়েছে।’
ফোরামের কার্যপরিধি বা শর্তাবলি তৈরির কাজ চলছে। এটি পরিচালনার জন্য একজন সাবেক বিচারক অথবা এ ধরনের অভিজ্ঞ কাউকে নিয়োগ দেওয়া হবে। পুরো প্রক্রিয়া চলবে গোপনীয়তা বজায় রেখে এবং স্বাধীনভাবে। আলোচনায় অংশ নেওয়া কাউকে কোনো ধরনের শাস্তির মুখে পড়তে হবে না।
এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করতে চান গ্রিনবার্গ। এরপর কোন তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড।
গ্রিনবার্গ বলেন, ‘যারা সামনে এসে কথা বলবেন, তাদের গোপনীয়তা রক্ষা করার পাশাপাশি যতটা সম্ভব স্বচ্ছ থাকার চেষ্টা করব।’
তার মতে, স্যান্ডপেপার কেলেঙ্কারির পেছনে সে সময়ের ক্রিকেট সংস্কৃতির বড় ভূমিকা ছিল। যেকোনো মূল্যে জয়ের মানসিকতা তৈরি করতে ক্রিকেট অস্ট্রেলিয়ারও ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে বর্তমান অস্ট্রেলিয়া দলকে গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর সুযোগ দেওয়ার ওপরও জোর দিয়েছেন।
স্যান্ডপেপার কেলেঙ্কারিকে অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সে সময় দ্রুত পরিচালিত তদন্তে উঠে এসেছিল, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন তিন ক্রিকেটার। তারা হলেন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট। তিনজনকেই দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হয়েছিল।
তবে সম্প্রতি খাজা, ওয়ার্নার এবং ওই সফরের আরেক সদস্য চ্যাড সেয়ার্স দাবি করেছেন, দলের সবাই বিষয়টি জানতেন। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তার জানার দাবি উড়িয়ে দিয়েছেন। এমন অভিযোগকে ‘নির্বোধের মতো কথা’ বলে অভিহিত করেছেন তিনি। বন্ধু খাজা তার সুনাম নিয়ে প্রশ্ন তোলায় কষ্ট পাওয়ার কথাও জানিয়েছেন কামিন্স।
খাজার বই প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তৎকালীন তদন্ত নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কয়েকজন ক্রিকেটার, যাদের মধ্যে খাজাও রয়েছেন, দাবি করেছেন তদন্তের সময় তাদের বক্তব্য নেওয়া হয়নি। অন্যদিকে ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন।
ফোরাম গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন খাজা। বুধবার হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় স্ট্রিমিং প্ল্যাটফর্ম কায়ো স্পোর্টসে তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি দেড় সপ্তাহ আগে, এমনকি তারও আগে এই উদ্যোগ নিত, তাহলে ভালো হতো। তবে আমার প্রশ্ন সব সময়ই থাকবে, এর ফলাফল কী হবে?’
তবে ওয়ার্নার মনে করেন, শুধু ফোরাম গঠন যথেষ্ট নয়। তার দাবি, অস্ট্রেলীয়দের প্রাপ্য একটি ‘উন্মুক্ত ও জনসমক্ষে পরিচালিত তদন্ত’। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বন্ধ দরজার আড়ালে কী ঘটেছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।’
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও কোচ জেসন গিলেস্পি এবং ওই সময়ের কোচ ড্যারেন লেহম্যান অবশ্য ফোরাম গঠনের সিদ্ধান্তকে ভালো উদ্যোগ হিসেবে দেখছেন।
এবিসিকে গিলেস্পি বলেন, ‘ঘটনাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার কিছু একটা করতেই হতো। চাপ ক্রমেই বাড়ছিল।’
অন্যদিকে লেহম্যান বলেন, ‘আমি ভালো নেই, আমার কাছের মানুষরা তা জানেন। গত কয়েক সপ্তাহ কঠিন সময় কেটেছে। তবে এই সময়টা সবার জন্যই কঠিন।’
এসএ