ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পূর্ব এশিয়ায় এক দশকের মধ্যে বড় সামরিক বিমান মোতায়েন রাশিয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম
X

এক দশকেরও বেশি সময়ের মধ্যে পূর্ব এশিয়ায় সবচেয়ে বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠকের আগে এ পদক্ষেপের মাধ্যমে মস্কো নিজেদের সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাবের জানান দিতে চায় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের দানাং আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান এবং দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান অবস্থান করছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এসব বোমারু বিমান মঙ্গলবার (নভেম্বর ১৭) রাশিয়ার দূরপ্রাচ্য থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার পথে জাপান ও তাইওয়ানের বিমানবাহিনীকে সতর্ক অবস্থান নিতে বাধ্য করে।

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে এ মোতায়েনের ঘটনা ঘটে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের বৈঠকের কথা রয়েছে।

সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নিরাপত্তা গবেষক ইয়ান স্টোরি বলেন, ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়া যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা ধরে রেখেছে, তা এ অঞ্চলের দেশগুলোকে স্মরণ করিয়ে দিতেই বিমান মোতায়েন করা হয়েছে।

স্টোরির মতে, ২০১৪ সালের পর ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত সামরিক বিমান মোতায়েনের এটিই প্রথম জানা ঘটনা। সে সময় রুশ যুদ্ধজাহাজ ও বিমানকে ক্যাম রান বে-তে মস্কোর সাবেক স্নায়ুযুদ্ধকালীন ঘাঁটি এবং দানাং বিমানবন্দরে বিশেষ প্রবেশাধিকার দিয়েছিল হ্যানয়।

তিনি জানান, ওই সময় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির কাছাকাছি টিইউ-৯৫ বিমানের উড্ডয়নে সহায়তা করতে দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া।

সামরিক অ্যাটাশেদের মতে, টিইউ-৯৫ বিমান মাঝেমধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও ব্যবহৃত হয়।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ভিয়েতনাম নিরাপত্তা বিশেষজ্ঞ নগুয়েন দ্য ফুয়ং বলেন, গত বছর এ ধরনের ব্যবস্থা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছিল মস্কো। তবে শুরুতে এ বিষয়ে দ্বিধায় ছিল হ্যানয়। তাঁর মতে, এবারের মোতায়েনকে আপাতদৃষ্টিতে জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে করা হলেও এটি ভবিষ্যতে ভিয়েতনামে রাশিয়ার আরও সামরিক বিমান মোতায়েনের পথ তৈরি করতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হ্যানয়ে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি। জাপান ও তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমানের উড্ডয়ন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছেও মন্তব্য চাওয়া হয়েছিল। তবে সেখান থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝