গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পোস্টে বিরোধী দলগুলোর প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এমন কর্মসূচিতে নিজের সমর্থন ও সাধুবাদ জানানোর কথাও উল্লেখ করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সামনে নিত্যপণ্যের সরবরাহও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, পরিস্থিতি এভাবে চলতে থাকলে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতেও ব্যবসায়ীরা সাহস পাবেন না।
রাশেদ খাঁন লেখেন, এ পরিস্থিতি চলতে থাকলে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হতে পারে। তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেবেন বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি সরকার হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে। এমন ঘটনা ঘটলে দেশে ও আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তা রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে। বিএনপি সরকার সেই দায় নিতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, টুঙ্গিপাড়ার সমস্যার সমাধান স্থানীয় মানুষের মধ্য থেকেই খুঁজতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা বন্ধে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও প্রতিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ ছাড়া টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ তুলে জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে বিরোধী দলগুলোর উদ্দেশে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি। রাশেদ খাঁন লেখেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দল অনেক লংমার্চ করেছে, এবার টুঙ্গিপাড়ায় লংমার্চ হতে পারে। এমন কর্মসূচিতে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।
-টিএস