ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্নীতি-অনিয়মের দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না: দেবপ্রিয় ভট্টাচার্য
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম
X

ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের দুর্নীতি, অনিয়ম এবং সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ব্যবসায়িক সংকট কিংবা অর্থনীতির দুরবস্থার অজুহাতে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। এসব সমস্যা সমাধান ও জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। একটি নির্দিষ্ট শিল্পের ওপর এত বেশি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। উন্নয়নশীল দেশে উত্তরণের প্রক্রিয়ায় অর্থনীতির বহুমুখীকরণের যে প্রতিশ্রুতি বাংলাদেশ দিয়েছে, তা বাস্তবায়নে রপ্তানি খাতের বৈচিত্র্য বাড়াতে হবে।

তিনি বলেন, পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী শিল্পকে সুবিধা দেওয়ার উদ্যোগ সরকারের বাজেটে দেখা গেছে। চামড়াসহ বিভিন্ন খাতে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সুবিধা বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা পর্যালোচনা করা জরুরি। রপ্তানি খাতে সমান সুযোগ নিশ্চিত করা গেলে একটি শিল্পের ওপর নির্ভরশীলতা কমবে।

মজুরি নির্ধারণে অঞ্চল ও কারখানার আকার অনুযায়ী পৃথক কাঠামো তৈরির প্রস্তাব নিয়েও সতর্ক করেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, ঢাকা ও গাজীপুরের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্যের কারণে এলাকাভিত্তিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হতে পারে। তবে অঞ্চলভেদে আলাদা মজুরি কাঠামো চালু হলে শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরের প্রবণতা বাড়তে পারে।

একইভাবে বড় ও ছোট কারখানার জন্য পৃথক মজুরি কাঠামো চালু করলে বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এ সুযোগে কোনো কোনো উদ্যোক্তা বড় কারখানাকে ছোট প্রতিষ্ঠানে ভাগ করার কৌশল নিতে পারেন। এতে শিল্প ব্যবস্থাপনায় অনিয়মের আশঙ্কা রয়েছে। তাই মজুরি কাঠামো নির্ধারণের ক্ষেত্রে এসব সম্ভাব্য জটিলতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। তবে কোনো অবস্থাতেই এর দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন দেবপ্রিয়। তিনি বলেন, অর্থনীতি বর্তমানে নানা চাপে রয়েছে। উদ্যোক্তারা বিভিন্ন সংকট মোকাবিলা করছেন। কিন্তু সরকারের বক্তব্য ও সংসদের কার্যক্রমে অর্থনীতির প্রকৃত চিত্র যথাযথভাবে উঠে আসছে না।

তাঁর ভাষ্য, গণঅর্থায়ন ও বাজেট ব্যবস্থাপনা-সংক্রান্ত আইনে প্রতি তিন মাস অন্তর সংসদে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের বিবৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথচ বাজেট ঘোষণার পাঁচ মাস পার হলেও অর্থমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিনিয়োগ, বাণিজ্য ও বাজেট বাস্তবায়নের প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

দেবপ্রিয় মনে করেন, অর্থমন্ত্রী নিয়মিত অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরলে ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা বাড়ত। অর্থনৈতিক সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হলেও পরিস্থিতি মোকাবিলা এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়ন সহজ হতো।

তিনি আরও বলেন, দেশের দুর্বল অবকাঠামো, দুর্নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার ত্রুটির দায় বিদেশি ক্রেতাদের ওপর চাপানো যায় না। বাংলাদেশের অভ্যন্তরীণ দুর্বলতার দায় আন্তর্জাতিক ক্রেতারা কেন বহন করবেন, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

শ্রমিকদের মজুরি নির্ধারণকে কেবল মালিক ও শ্রমিকের মধ্যকার দর-কষাকষি হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে দেবপ্রিয় বলেন, এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত জানাতে হবে।

দেশের অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। অথচ তাঁদের মজুরি নির্ধারণ, অধিকার রক্ষা ও স্বার্থ সুরক্ষায় সুস্পষ্ট ব্যবস্থা প্রয়োজন। এই বিপুলসংখ্যক শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করার দায়িত্ব কে নেবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

সংসদীয় স্থায়ী কমিটিতে শ্রমিকদের মজুরি ও কর্মপরিবেশ নিয়ে যথাযথ আলোচনা হচ্ছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন দেবপ্রিয়। তাঁর মতে, সরকারের মধ্যে সমস্যাগুলো সম্পর্কে ধারণা থাকলেও সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ ও তৎপরতার ঘাটতি রয়েছে। সময়মতো মজুরি নির্ধারণের উদ্যোগ না নেওয়াকে তিনি রাজনৈতিকভাবে অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝