ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম
X

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েককে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণে সানন্দে সম্মতি জানিয়ে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্টের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিন তিনি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, অতীতের সম্পর্ক ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনায় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। দেশটির প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২ কোটি ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রার কথাও উল্লেখ করেন।

এ ছাড়া সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ সরকারের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন হুমায়ুন কবির।

সৌজন্য সাক্ষাতের জন্য অনুরা কুমারা দিসানায়েককে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝