ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়া সফরে ট্রাম্প, পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৩২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এশিয়া সফরের শুরুতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে তিনি সেখানে পৌঁছান। সফরের অংশ হিসেবে আজ বুধবার দুই দিনের সফরে চীন যাবেন ট্রাম্প। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ম্যানিলায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে নিয়ে গঠিত কোয়াড নেতাদের বৈঠকে অংশ নেন ট্রাম্প। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম কোয়াড নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হলো। এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। একই সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আজ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

যা বললেন কোয়াড নেতারা

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় গঠিত চার দেশের জোট কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। ম্যানিলার সোলায়ার রিসোর্টে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা অংশ নেন।

বৈঠকের আগে ট্রাম্প বলেন, বিভিন্ন দিক বিবেচনায় কোয়াডভুক্ত চারটি দেশ বিশ্বের সবচেয়ে সফল ও শক্তিশালী দেশের মধ্যে অন্যতম। দেশগুলো একটি স্বাধীন, উন্মুক্ত, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি স্তম্ভ। নিরাপত্তা ও কূটনীতির বিভিন্ন বিষয়ে তারা ঘনিষ্ঠভাবে সমন্বয় করে।

এ সময় কোয়াডের উদ্যোগে একটি সামরিক মহড়া আয়োজনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক টহল বিমান অংশ নেবে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জোটের কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখায় অন্য তিন নেতাকে ধন্যবাদ জানান তিনি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ গঠনে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলের দেশগুলোর সক্ষমতা ও সহনশীলতা বাড়িয়ে একটি স্বাধীন ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে চাই।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, রুদ্ধদ্বার বৈঠকে নেতারা গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা উপাদানের উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব নিয়ে আলোচনা করবেন। সামুদ্রিক নিরাপত্তাও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

ইরানকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্প

কোয়াডের অন্য নেতারা বক্তব্য দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, চীনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যোগ দিতে চান। তবে এর কয়েক ঘণ্টা আগে বেইজিং জানিয়েছিল, ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠকের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

আগামীকাল বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে শি জিনপিং ও পুতিনের প্রতি আহ্বান জানাবেন বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের সম্পৃক্ত হতে এবং যুদ্ধের অবসান ঘটাতে বলব।’

ওয়াশিংটনে তথাকথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তিনি বলেন, ওয়াশিংটনে হামলা চালালে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে।

চীন নীতি নিয়ে নিজের মন্ত্রিসভার দুই সদস্যের মতবিরোধ ভালোভাবেই সামাল দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মধ্যে বিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বিষয়টি খুব ভালোভাবেই সামলেছেন।’

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ সামরিক বিমান

রাশিয়ার দুটি সামরিক বিমান মঙ্গলবার তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে উড়েছে বলে জানিয়েছে তাইপে। একই দিন জাপানের ওকিনোশিমা দ্বীপের কাছে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে মস্কোর কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে টোকিও।

ধারণা করা হচ্ছে, দুটি ঘটনাতেই একই রুশ সামরিক বিমান জড়িত ছিল।

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান ও রয়টার্স।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝