মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে বিস্ফোরণের আগেই একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরোসিনভর্তি একটি কাচের বোতলের সলতেতে আগুন ধরিয়ে সেটি ঘটনাস্থলে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হিরো ব্র্যান্ডের একটি সাদা রঙের হাঙ্ক মোটরসাইকেলে করে মুখোশ পরা দুই ব্যক্তি এসে পেট্রোল বোমাসদৃশ বস্তুটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা কেরোসিনভর্তি কাচের বোতলে আগুন দিয়ে বিএনপি কার্যালয়ের পাশে নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে সেটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-টিএস