গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। পরে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
রাত ৮টা পর্যন্ত হামলা চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এখন পর্যন্ত হামলার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরএন