মুন্সীগঞ্জের শ্রীনগরের শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩০) তিনটি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর থানার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকাশের বিরুদ্ধে শ্রীনগর থানায় এবং পার্শ্ববর্তী ঢাকা জেলার দোহার থানায় মোট ১৪টি মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার বিকাশ শ্রীনগর থানার মধ্য বাঘড়া গ্রামের কাশেম মোড়লের ছেলে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. বদরুদ্দোজার নির্দেশনায় এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ও ওসি (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মোড়লকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান এবং চার রাউন্ড শটগানের কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরির বিভিন্ন দেশীয় সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমএইচ/আরএন