মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভূমিধসে মাটিচাপা পড়ে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির কামপুং মেলায়ু কেপং এলাকায় একটি কর্মস্থলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুই ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টা ১৪ মিনিটে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশন কমান্ডার মোহাম্মদ হাফিজান হাসান জানান, মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে ভূমিধসের খবর পেয়ে জিনজাং ফায়ার স্টেশন থেকে আটজন উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা দুপুর ২টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ভূমিধসে কর্মস্থলে থাকা এক শ্রমিক মাটির নিচে চাপা পড়েছেন। এরপর তাঁকে উদ্ধারে খননকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মাটি সরানোর কাজে একটি এক্সকাভেটর ব্যবহার করা হয়। অন্যান্য সংস্থার সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বিকেল ৫টা ১৪ মিনিটে ৩৪ বছর বয়সী বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
এসএস