জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের সুরক্ষায় গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, মোতায়েন করা সদস্যদের মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আনসার সদস্যরা।
আনসার বাহিনীটির এই কর্মকর্তা আরও বলেন, সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট তিন জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে দায়িত্ব পালন করছেন। কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তারা স্ট্যাটিক ডিউটি পালন করছেন। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন।
সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে মোতায়েন করা সদস্যদের দায়িত্ব পালনের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
জননিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের যে কোনো অপচেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
টিআই