ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তাঁর দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। এই জয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের দশম শিরোপা ঘরে তুলল তারা। মাত্র ৪৮ ঘণ্টার প্রস্তুতি ও দ্বিতীয় সারির দল নিয়ে এসেও ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।


গতকাল ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান। তবে শুরুতে গোলের দেখা পায়নি তারা, উল্টো ৩৪ মিনিটে গোল প্রায় খেয়েই বসেছিল।


ভারতের রিকি শাবংয়ের শট রুখে দেন ডেনমার্কপ্রবাসী পাকিস্তানি গোলকিপার ইউসুফ বাট। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে যায় ভারত। বাঁ প্রান্তের উইং ধরে ছুটে আসা জুনায়েদ শাহ বক্সের ভেতর নিখুঁত পাস বাড়ান আলমগীর আলী খান গাজীকে। ডান পায়ের বাঁকানো শটে ভারতের গোলকিপার আর্শ আনোয়ার শেখকে পরাস্ত করে পাকিস্তানকে ১-০ গোলে এগিয়ে দেন গাজী।


দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ভালাপ্পিলের জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে আরেকবার হতাশ হতে হয় ভারতকে। তবে ৫৯ মিনিটে ঘটে বড় নাটকীয়তা। ভারতের ফরোয়ার্ড বিষণ দুবেনকে গুরুতর ফাউল করেন পাকিস্তানের প্রথম গোলের কারিগর জুনায়েদ শাহ। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি তাঁকে লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।


একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিতে একমুহূর্তও দেরি করেনি ভারত। লাল কার্ডের পরের মিনিটেই সমতায় ফেরে তারা। খাইমিংথাংয়ের পাস থেকে বক্সের ভেতর বাঁ পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ১-১ করেন সুহাইল আহমাদ ভাট। সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। অন্যদিকে ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ১০ জন নিয়েই ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করেছে পাকিস্তান। 


সুইডিশ লিগে খেলা অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠে আদিল নবী এবং গোলপোস্টের নিচে ইউসুফ বাটের দৃঢ়তায় ভারতের একাধিক আক্রমণ প্রতিহতও হয়। কিন্তু ৮৮ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। কর্নার থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডির নিখুঁত হেড জালে জড়ালে ২-১ গোলের জয় নিশ্চিত হয় ভারতের।


মাত্র ৪৮ ঘণ্টার প্রস্তুতিতে তরুণ ও দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় এসেছিল ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই পাকিস্তানকেই ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল তারা। 


তবে প্রথম ম্যাচের পরই নিউজিল্যান্ডে মূল দলের ক্যাম্পে যোগ দিতে ঢাকা ছাড়েন বিজয় ভার্গিস ও মোহাম্মদ সুহেলের মতো ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। খর্বশক্তির দল নিয়েও ফাইনালে পিছিয়ে পড়ে যেভাবে ঘুরে দাঁড়িয়ে তারা শিরোপা জিতল, তা সাফের মঞ্চে চেনা ও অপ্রতিরোধ্য ভারতকেই মনে করিয়ে দিয়েছে। অন্যদিকে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টের ৩৩ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে ওঠা পাকিস্তান প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে তাদের খুঁজেই পাওয়া যায়নি।


স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় ফাইনালের টিকিটের দামে ধস নেমেছিল এবং গ্যালারি ফাঁকা থাকার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত কয়েক হাজার দর্শকের উপস্থিতি ফাইনালের উত্তাপ ধরে রাখে, যাঁরা সাক্ষী হলেন ভারতের রোমাঞ্চকর এক শিরোপা জয়ের।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝