গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এমপি জিলানীর বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।
এর আগে বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে একদল নেতাকর্মী থানায় গেলে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
জানা যায়, পরে হামলাকারীরা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও আবাসিক ভবনেও আগুন দেওয়া হয়। থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গোপালগঞ্জ সদর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করা হয়। সেখানে আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এমএইচ/আরএন