কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গৃহবধূ নাসিমা বেগমের (৪৫)। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের কাছ থেকেও নাসিমার নিখোঁজের বিষয়ে কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন স্বামী নজরুল ইসলাম ও সন্তানরা।
গত ১৮ আগস্ট উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা গ্রামের স্বামীর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাসিমা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে অটোরিকশায় নাগেশ্বরীর উদ্দেশে রওনা হন নাসিমা। সঙ্গে ছিলেন মেয়ে নার্গিস, ছেলে নাসিম ও ছেলের স্ত্রী হামিদা। তারা যাচ্ছিলেন কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে। পথে আজমাতা ব্রিজপাড়ে পৌঁছে প্রকৃতির ডাকে সাড়া দিতে অটোরিকশা থেকে নেমে পাশে থাকা ননদ মায়ার বাড়িতে যান নাসিমা। অন্যরা তাদের গন্তব্যে চলে যান। ফেরার পথে নাগেশ্বরীতে একসঙ্গে হয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের।
পরে খাওয়া-দাওয়া শেষে ননদ তাকে আবার অটোরিকশায় তুলে দেন। কিছুদূর যাওয়ার পর আন্ধারীঝাড় বাজার মোড়ে আবার অটোরিকশা থেকে নেমে পড়েন নাসিমা। সেখানকার সিসিটিভি ফুটেজেও তাকে অটোরিকশা থেকে নামতে দেখা গেছে। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে ১০ দিন পেরিয়ে যায়। একপর্যায়ে নাগেশ্বরীর রায়গঞ্জ বাজার এলাকার মিজানুর নামে এক ব্যক্তি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নাসিমাকে হস্তান্তরের কথা জানান। পরে তিনি দাবি করেন, একটি মেয়েকে পাওয়া গেলেও সে নাসিমা নয়।
অন্যদিকে, পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামের ইউনুছ আলী দাবি করেন, নিখোঁজের দুই দিন পর নাসিমা বেগমকে পাশের একটি বাড়িতে অচেতন অবস্থায় দেখেছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে আর পাননি।
এদিকে স্ত্রীকে খুঁজতে বাংলাদেশ থেকে ভারতের দিল্লি পর্যন্ত ছুটেছেন স্বামী নজরুল ইসলাম। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। স্ত্রীকে হারিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, নজরুলকে দেখলে কষ্ট লাগে। যাকেই দেখেন, তাকেই স্ত্রীকে খুঁজে পেতে সহযোগিতা করার অনুরোধ করেন।
নজরুল ইসলাম জানান, জীবিকার তাগিদে ১৯৯৩ সালে ভারতের দিল্লিতে যান তিনি। সেখানে ভাঙারির ব্যবসা করতেন। ১৯৯৭ সালে দিল্লিতেই ভারতীয় নাগরিক নাসিমাকে বিয়ে করেন। পরে তাদের সংসারে দুই ছেলে নাসিম ও নাঈম এবং দুই মেয়ে নার্গিস ও নাজমিনের জন্ম হয়।
দীর্ঘদিন দিল্লিতে বসবাসের পর দেশে স্থায়ীভাবে ফেরার পরিকল্পনা করেন নজরুল। দিল্লিতে জমানো ভাঙারির ব্যবসা বিক্রি করে দেশে ফিরে আসার প্রস্তুতি হিসেবে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু এরই মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হন স্ত্রী নাসিমা। ছোট ছেলে নাঈম মায়ের জন্য প্রায়ই কান্নাকাটি করে।
নজরুলের ছেলে নাসিম মিয়া জানান, মায়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তারা খোঁজাখুঁজি করছেন। একপর্যায়ে ভারতের দিল্লিতে গিয়ে মামা, খালাসহ পরিচিতজনদের বাড়িতে খোঁজ করেন। কিন্তু ১২ দিন খুঁজেও মায়ের সন্ধান না পেয়ে দেশে ফিরে আসেন। পরে গত ২০ সেপ্টেম্বর মিজানুরসহ ১০ জনের নাম উল্লেখ করে নাগেশ্বরী থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত মায়ের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুবর রহমান সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও গ্রামপুলিশসহ সবাই মিলে নিখোঁজ নারীকে খুঁজছেন। জনবহুল এলাকা থেকে একজন মানুষের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া এবং দীর্ঘ সময়েও তার সন্ধান না পাওয়া অত্যন্ত উদ্বেগজনক।
রামখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। স্ত্রীকে খুঁজে না পেয়ে নজরুল প্রায় পাগলপ্রায় হয়ে পড়েছেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি অপহরণ, নাকি নিখোঁজ—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
কেএস/আরএন