সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবির একটি টহল দল বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে দেখতে পায়। পরে তাকে আটক করে বিছনাকান্দি বর্ডার আউটপোস্টে (বিওপি) নিয়ে রাখা হয়।
বিএসএফ সদস্যকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আটক বিএসএফ সদস্যকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।
আরএন