বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘাটে নোঙর করা মাছ ধরার একটি ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাছের খাল বাজারসংলগ্ন ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইস্মিতা জানান, দগ্ধ তিনজনকে হাসপাতালে আনার পর দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ট্রলারের মালিক দুলাল খান জানান, বাজার-সদাই করে ১৪ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি চলছিল। দুপুরের খাবার খেয়ে তাঁদের সাগরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ সময় ট্রলারে রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি খাবার তৈরি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, বিস্ফোরণের সময় বাকি ১১ জেলে ট্রলারে না থাকায় তাঁরা অক্ষত রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে বাঁকা বিল্লাহর শরীরের প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আলম খানের মাথায় আঘাত ও পোড়ার ক্ষত থাকায় ছয়টি সেলাই দিতে হয়েছে। ট্রলারের মালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।
এসএস