তবে কবে নতুন মজুরি ঘোষণা করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেননি বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, মজুরি চূড়ান্ত করার আগে আইনগত প্রক্রিয়া অনুসরণ এবং মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা জরুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পন্ন করা হবে।
তিনি জানান, গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভা স্থগিত হওয়া কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেসব বিজ্ঞপ্তি বা বক্তব্য দেওয়া হবে, সেগুলোকেই সঠিক তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। অন্য কোনো মহলের বক্তব্যের দায় বোর্ড নেবে না।
তিনি বলেন, মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের সদস্যরা ইতোমধ্যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেছেন। ছোট, মাঝারি ও বড়- সব ধরনের কারখানায় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।
শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও পারিবারিক পরিস্থিতি বোঝার জন্য আরও সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২৩ নভেম্বরের আগে আশুলিয়া ও গাজীপুরের মতো শ্রমঘন এলাকায় শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করা হতে পারে।
চেয়ারম্যান বলেন, শ্রমিকদের বেতন কত, পরিবারের সদস্য কতজন, তাদের ওপর কতজন নির্ভরশীল এবং কী পরিস্থিতিতে তারা বসবাস করছেন- এসব তথ্য আমরা সংগ্রহ করছি। সরেজমিনে না গেলে অনেক বাস্তবতা জানা সম্ভব নয়।
তিনি একটি কারখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেখানে একজন তরুণী শ্রমিকের ওপর পরিবারের ছয়জন সদস্য নির্ভরশীল। তার স্বামী ও ভাই শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিবারের দায়িত্বও তাকে বহন করতে হচ্ছে।
নতুন মজুরি ঘোষণার বিষয়ে বিভ্রান্তি দূর করে চেয়ারম্যান বলেন, তিনি কখনোই ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা করার কথা বলেননি। বরং নতুন মজুরি চূড়ান্ত হলে তা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, আমরা যখনই মজুরি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে। এ বিষয়ে কোনো সন্দেহ বা বিভ্রান্তি নেই।
তার ভাষ্য, আইন অনুযায়ী মজুরি বোর্ড গঠনের পর সুপারিশ জমা দেওয়ার জন্য ছয় মাস সময় পায়। প্রয়োজনে সরকার এ সময় বাড়াতে পারে। তবে সরকার দ্রুত বিষয়টির সমাধান চায় বলে বোর্ডও আন্তরিকভাবে যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের চেষ্টা করছে।
মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক- উভয় পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ করে চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ ইতোমধ্যে কয়েকটি প্রস্তাব জমা দিয়েছে। কিছু গবেষণাভিত্তিক সংগঠনও বোর্ডকে তথ্য-উপাত্ত দিয়েছে। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি। আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছেন তিনি।
নভেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মজুরি চূড়ান্ত করার আগে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা ও দর-কষাকষির প্রয়োজন রয়েছে। কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা বাস্তবায়নযোগ্য নাও হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর ১২৮ বিধি অনুযায়ী, নিম্নতম মজুরি হারের সুপারিশ সরকারি গেজেটে প্রকাশের পর সংশ্লিষ্ট পক্ষগুলোকে আপত্তি বা সুপারিশ জানানোর জন্য ১৪ দিন সময় দিতে হয়। এই আইনগত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
চেয়ারম্যানের ভাষায়, ‘আইনগত প্রক্রিয়া এড়িয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে পরে কেউ সেটিকে চ্যালেঞ্জ করে বাতিল করার সুযোগ পেতে পারে। আমরা চাই না, আমাদের কাজে এমন কোনো আইনি ত্রুটি থাকুক।’
শ্রমিকদের শান্ত থাকার আহ্বান
সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, বোর্ডের সদস্যরা বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শনকালে কোথাও বড় ধরনের অসন্তোষের মুখোমুখি হননি। তবে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অবিশ্বাস তৈরি হলে তা দূর করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।
শ্রমিক সংগঠনগুলোর নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুল তথ্য বা বিকৃত বক্তব্য প্রচার করে পরিস্থিতি আরও জটিল করা উচিত নয়। দেশের পোশাকশিল্প ও অর্থনীতির স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
চেয়ারম্যান আরও বলেন, মজুরি নির্ধারণের কাজে তিনি ও বোর্ডের সদস্যরা আন্তরিকভাবে কাজ করছেন।