জোহানেসবার্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শিলাবৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। লাঞ্চের পর শুরু হওয়া বৃষ্টি ও শিলাবৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় খেলা বন্ধ থাকে। শেষ সেশনে খেলা শুরুর সম্ভাবনা থাকলেও বৃষ্টি অব্যাহত থাকায় তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংসের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৮৯ ওভার শেষে ৭ উইকেটে ৩৭৬ রান তুলেছিল। তখনও তারা ২৪ রানে পিছিয়ে ছিল। তবে লাঞ্চের সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৮৬ রান। রায়ান রিকেলটন ৫৬ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিনের সকালে পেসারদের জন্য কিছুটা সহায়ক পরিবেশ থাকলেও তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের বোলাররা। দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। দুজনের জুটিতে যোগ হয় ৭৯ রান।
তবে ৪৯ রানে ব্যাট করার সময় পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন বাভুমা। পরে তাঁকে মাঠ ছাড়তে হয়। প্রোটিয়াস মিডিয়া দলের তথ্য অনুযায়ী, তাঁর ডান পায়ের কাফের সমস্যা পরীক্ষা করে দেখা হচ্ছিল। প্রয়োজন হলে ইনিংসের পরবর্তী সময়ে আবার ব্যাট করতে পারবেন তিনি।
বাভুমার পরিবর্তে উইয়েন মুল্ডার ক্রিজে এলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে তাসকিন আহমেদ তাঁকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। পরের ওভারেই মার্কো জানসেনকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেসার।
এরপর উইকেট নেওয়ার ধারায় যোগ দেন হাসান মাহমুদ। ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে আরও ধস নামান তিনি। বাভুমার মাঠ ছাড়ার পর অল্প সময়ের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
এসএস