ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানের পেস আক্রমণে ৯৮ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সবুজ উইকেটে পেসারদের দাপটের প্রত্যাশাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কাকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান। স্বাগতিক দলের তিন পেসার মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামাল নিয়েছেন তিনটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১২১ রান তুলেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংসে ২৩ রানের লিড পেয়েছে দলটি।

সবুজ উইকেটে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি বোলাররা। মোহাম্মদ আব্বাস ১৪ রানে, রাজাউল্লাহ ২১ রানে এবং আমের জামাল ২৪ রানে তিনটি করে উইকেট শিকার করেন। ফলে মাত্র ৩৫.৩ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন অধিনায়ক কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা। কুশল ৩২ এবং দিনুশা ২১ রান করেন। তাঁদের বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি আর কোনো ব্যাটার।

একপর্যায়ে ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন কুশল ও দিনুশা।

তবে মধ্যাহ্নবিরতির ঠিক আগে আমের জামালের বলে হুক শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কুশল। পাঁচটি চারে সাজানো তাঁর ইনিংসের সমাপ্তি ঘটে। একই বোলারের বলে একইভাবে আউট হন দিনুশাও।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারে পাসিন্দু সুরিয়াবন্দরাকে ফিরিয়ে শ্রীলঙ্কার প্রথম ধাক্কা দেন সাকিব খান। মাত্র ২ রান করা এই ব্যাটারের ব্যাটের কানায় লেগে আসা বলটি গ্লাভসে জমা করেন উইকেটকিপার গাজী ঘোরি।

এরপর অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কার বিপর্যয় আরও বাড়ান মোহাম্মদ আব্বাস। চান্ডিমাল ৭ রান করে শর্ট লেগে আজান আওয়াইসের হাতে ক্যাচ দেন। অন্যদিকে ৮ রান করা কামিন্দু শর্ট কাভারে তৈয়ব আরিফের হাতে ধরা পড়েন।

শ্রীলঙ্কার স্কোর ২৫ রানে তিন উইকেটে পৌঁছানোর পর আঘাত হানেন রাজাউল্লাহ। তাঁর বলে প্রথম স্লিপে মোহাম্মদ তাহার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার লাহিরু উদারা। ৩৪ বল খেলে তিনি করেন মাত্র ৪ রান। এরপর প্রথম টেস্টে সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাজাউল্লাহ। তাঁর সংগ্রহ ছিল মাত্র ১ রান।

৯৮ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতে ভালো শুরু পায় পাকিস্তানও। দুই ওপেনার তৈয়ব আরিফ ও আজান আওয়াইস ৮০ রানের জুটি গড়েন। ৪৬ রান করে তৈয়ব বিদায় নিলে ভাঙে উদ্বোধনী জুটি।

এরপর শ্রীলঙ্কাকে কিছুটা স্বস্তি এনে দেন প্রবাত জয়াসুরিয়া। তাঁর বলে ৮ রান করে ফিরে যান মোহাম্মদ তাহা। অধিনায়ক বাবর আজমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। লাহিরু কুমারার বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন তিনি ৮ রানে।

আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ হয়। তখন পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান। আজান আওয়াইস ৪৭ এবং সাকিব খান ২ রানে অপরাজিত ছিলেন। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝