ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিনিসিউসের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাপানের কাছে হারের পর সমালোচনার জবাব মাঠেই দিল ব্রাজিল। সিঙ্গাপুরের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৭-০ গোলের বড় জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। ভিনিসিউস জুনিয়রের ১২ মিনিটের হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন এন্দ্রিক, এস্তেভোঁ ও হায়ান। বাকি গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে।

মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভিনিসিউস। এরপর ১৫ মিনিটে এন্দ্রিকের সঙ্গে দারুণ সমন্বয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ২১তম মিনিটে এস্তেভোঁর পাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

তিন দিন আগে একই মাঠে জাপানের বিপক্ষে দুটি দুর্দান্ত গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি ভিনিসিউস। ওই ম্যাচের অপ্রত্যাশিত ফলের পর ব্রাজিলকে ঘিরে সমালোচনা শুরু হয়। এবার সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে দলটি।

ম্যাচে বল দখলে ৬০ শতাংশ আধিপত্য ছিল ব্রাজিলের। গোলের উদ্দেশ্যে নেওয়া ২২টি শটের ১১টি লক্ষ্যে রাখতে পেরেছে তারা। বিপরীতে সিঙ্গাপুরের ১০টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি।

আন্তর্জাতিক ফুটবলে ৫৯ ম্যাচে ভিনিসিউসের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯টিতে। এর মধ্যে গত বিশ্বকাপের পর ১০ ম্যাচে করেছেন ১০ গোল।

৩১তম মিনিটে ব্যবধান বাড়ান এন্দ্রিক। এস্তেভোঁর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে সিঙ্গাপুরের জালে বল পাঠান রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে গোলের দেখা পেলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ২৬ ম্যাচে এন্দ্রিকের গোলসংখ্যা পাঁচ।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারলেও বিরতির পর গোলের খাতা খোলেন এস্তেভোঁ। ৫১তম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার নিচু শট এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। দেশের হয়ে সবশেষ তিন ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। আন্তর্জাতিক ফুটবলে ১৬ ম্যাচে এস্তেভোঁর গোল এখন সাতটি।

এর তিন মিনিট পর গোলের সুযোগ পেয়েছিলেন হায়ান। তবে তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৬৫তম মিনিটে অবশ্য আর ভুল করেননি বোর্নমাউথের এই ফরোয়ার্ড। ভিনিসিউসের বদলি হিসেবে নামা আলানের বাড়ানো থ্রু বল ধরে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে বক্সে ঢোকেন তিনি। এরপর গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান।

৭৪তম মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান ৭-০ করে ব্রাজিল। ডান দিক থেকে বক্সের ভেতর বল পাঠানোর চেষ্টা করেন আলান। তবে সেটি ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল বিন সুহাইমি।

ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এন্দ্রিক। তবে কাছ থেকে নেওয়া তার শট লক্ষ্যে থাকেনি।

শেষ দিকে আরও একটি গোলের সুযোগ নষ্ট হলেও সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার কথা ব্রাজিলের। বড় জয় নিয়ে বছর শেষ করার স্বস্তি নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝