ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধি দল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। সেই ম্যাচের ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল। মাঠের পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ অন্যান্য অবকাঠামো ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।

প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। এছাড়া এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসানও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। মূল সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জো রুট-হ্যারি ব্রুক-জফরা আর্চারদের। সেই প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে ইসিবির প্রতিনিধি দল।
পরিদর্শন শেষে ইসিবির প্রতিনিধি দল সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধার প্রশংসা করে সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে। তাদের অনুশীলন সেশন ও প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এই মাঠটি দেখিয়েছি। তারা ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ সবকিছু ঘুরে দেখেছেন। বসুন্ধরার সুযোগ-সুবিধা অসাধারণ। তারা দেখে খুব খুশি হয়েছেন, বলা যায় অভিভূত।’

আনভীর স্টেডিয়ামের সুযোগ-সুবিধার ব্যাপ্তি তুলে ধরে বাতেন আরো বলেন, ‘এ ধরনের সুযোগ-সুবিধা খুব বেশি জায়গায় পাওয়া যায় না। মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম, সম্প্রচার, মিডিয়া, মেডিক্যাল, দর্শকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা; সবকিছুই তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন। তারা বেশ সন্তুষ্ট।’
ইংল্যান্ডের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় আশাবাদী ইমরুল হাসানও। এবিজি স্পোর্টস সিটির এই পরিচালক বলেন, ‘প্রতিনিধি দল এখানকার ড্রেসিংরুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেছে। ফিরে গিয়ে তারা হয়তো নিজেদের বোর্ডকে বিস্তারিত জানিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে। তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, এখানকার সুযোগ-সুবিধা নিয়ে তারা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী, নির্দিষ্ট সময়ে ইংল্যান্ড দল এখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও বাংলাদেশ সফরে এসে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। এবার ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সুযোগ-সুবিধার সক্ষমতা তুলে ধরার আরেকটি উপলক্ষ্য পাবে এবিজি স্পোর্টস সিটি।
নেপথ্যে বসুন্ধরা স্পোর্টস সিটির বিশ্বমানের রূপায়ণ

স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পরও দেশের শিশু-কিশোর ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় আধুনিক অবকাঠামোর অভাব বরাবরই অনুভূত হয়েছে। সেই অভাব দূর করতেই বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তা বসুন্ধরা গ্রুপ হাতে নিয়েছে এক যুগান্তকারী ও দূরদর্শী উদ্যোগ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে প্রায় ৩০০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া কমপ্লেক্স—‘বসুন্ধরা স্পোর্টস সিটি’।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্বপ্ন এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আন্তরিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই স্বয়ংসম্পূর্ণ স্পোর্টস সিটিতে ১৭ ধরনের খেলার জন্য তৈরি করা হয়েছে ২৪টি আন্তর্জাতিক মানের স্থাপনা।
এক ছাদের নিচে সব আধুনিক ক্রীড়া সুবিধা

ক্রিকেট অবকাঠামোর ক্ষেত্রে এখানে রয়েছে ৫টি সেন্টার উইকেট ও ১২টি টার্ফ পিচ, দোতলা প্যাভিলিয়ন, বিশাল ইনডোর-আউটডোর নেট প্র্যাকটিস সুবিধা এবং ‘বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক’ একাডেমি। এছাড়া সাউথ জোনে নির্মাণাধীন রয়েছে ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইতিপূর্বে মালয়েশিয়া দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবেও অভিষেক হয়েছে এই গ্রাউন্ডের।
শুধু ক্রিকেটই নয়, ইউরোপীয় ক্লাব মানের আদলে গড়া ‘কিংস অ্যারেনা’ ইতোমধ্যে দেশের ফুটবলে ইতিহাস গড়েছে, যেখানে জাতীয় দলের পাশাপাশি আন্তর্জাতিক দলগুলোও খেলেছে। এছাড়া এই স্পোর্টস সিটিতে রয়েছে বিশ্বখ্যাত আমেরিকান চেইন ‘গোল্ডস জিম’, অলিম্পিক স্ট্যান্ডার্ড সুইমিংপুল, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা জুলকান ইনডোর অ্যারেনা, পূর্ণাঙ্গ হকি মাঠ, গলফ ড্রাইভিং রেঞ্জ, এক লাখ বর্গফুটের ইনডোর কমপ্লেক্সে ২৪টি ব্যাডমিন্টন কোর্ট, প্যাডেল টেনিস, বাস্কেটবল, কাবাডি, ভলিবল ও রোলার স্কেটিংয়ের সুব্যবস্থা। ইউরোপ ও আমেরিকার বিখ্যাত স্পোর্টস ভিলেজগুলোর আদলে তৈরি এই অবকাঠামোগুলোই এখন বিদেশি ক্রীড়া প্রতিনিধি দলগুলোর প্রশংসা কুড়াচ্ছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত হচ্ছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝