ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকায় ২ স্থানে বন্দুকধারীদের গুলি, নিহত ১৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়াসহ পৃথক দুটি এলাকায় রাতের আঁধারে হামলা চালায় বন্দুকধারীরা। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এসব হামলায় ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৫ নভেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার দুটি পৃথক এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাইরে একটি মিনিবাসে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়।


অন্যদিকে, রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমাঞ্চলের একটি ঘর থেকে উদ্ধার করা হয় ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ। পৃথক দুটি হামলায় সব মিলিয়ে নিহত হয়েছেন ১৭ জন।


তবে, দুটি হামলার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। কারা এসব হামলা চালিয়েছে এবং হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।


এদিকে, কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাইরে একটি মিনিবাসে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া সাদা রঙের সাত আসনের একটি গাড়ি দেখতে পান কর্মকর্তারা।

গাড়ির ভেতরে ছিলেন আটজন পুরুষ। তাদের শরীরে ছিল একাধিক গুলির ক্ষত। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।


পুলিশের মুখপাত্র রবার্ট নেতশিউন্ডা বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও সন্দেহভাজনদের পরিচয় জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করছে পুলিশ।


অন্যদিকে, প্রিটোরিয়ার পশ্চিমে আতেরিজভিলের জেফসভিল এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে চার কক্ষের একটি ঘর থেকে ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


ধারণা করা হচ্ছে, গত রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে তাদের হত্যা করা হয়েছে। ঘরের বিভিন্ন কক্ষে মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। বাইরে পাওয়া গেছে গুলির খোসা। স্থানীয় বাসিন্দারা প্রথমে গুলির শব্দকে বজ্রপাতের শব্দ ভেবেছিলেন।


দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা নতুন নয়। বিশেষ করে, মাদক পাচার ও অবৈধ খননকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দেশটিতে ৫ হাজার ৪২৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন প্রাণ হারিয়েছেন।

তবে, আগের বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা ৬ শতাংশ কমেছে।


সূত্র: বিবিসি


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝