ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতে ব্রিটিশ রাজদম্পতি উইলিয়াম-কেট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস, উইলিয়াম ও ক্যাথরিন। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে পৌঁছান তারা। সফরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, তরুণ প্রজন্ম ও চলচ্চিত্রশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন রাজদম্পতি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চার বছর পর এই প্রথম একসঙ্গে সরকারি বিদেশ সফরে গেলেন উইলিয়াম ও ক্যাথরিন। ক্যানসারের চিকিৎসার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সফর সীমিত রেখেছিলেন ক্যাথরিন। তবে এবারের সফরে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রতিবছর পাঁচটি প্রকল্পকে ১০ লাখ পাউন্ড করে পুরস্কার দেওয়া হয় এ আয়োজনে।

ভারতে পৌঁছানোর পর রাজদম্পতির প্রথম কর্মসূচি ছিল ক্রিকেট ঘিরে। মুম্বাইয়ের বলার্ড এস্টেটে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেটে অংশ নেন তারা। এ সময় ভারতের সাবেক নারী ক্রিকেটার পুনম রাউতও উপস্থিত ছিলেন।

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড ধরে রেখেছেন। তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজেরও একজন সমর্থক।

অনুষ্ঠানে টেন্ডুলকার বলেন, রাজপরিবার এমন একটি মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি কৃতজ্ঞ। পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য করে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সফরসূচিতে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে উইলিয়াম ও ক্যাথরিনের। রাজকীয় সফরের প্রাথমিক সূচিতে বৈঠকটি ছিল না। পরে মোদি ফিলিপাইন সফর থেকে নির্ধারিত সময়ের আগে ফেরার বিষয়টি নিশ্চিত করলে বৈঠকটি যুক্ত করা হয়।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, আন্তর্জাতিক অঙ্গনে প্রিন্স উইলিয়ামের ভূমিকা আরও বিস্তৃত হচ্ছে। মোদির সঙ্গে বৈঠক যুক্তরাজ্য ও ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি করবে।

এর আগে ২০১৬ সালে ভারত ও ভুটান সফরের সময় মোদির সঙ্গে দেখা করেছিলেন উইলিয়াম ও ক্যাথরিন। সেটি ছিল তাদের সাত দিনের সরকারি সফর।

এবারের সফরে মুম্বাইয়ে পরিবেশ সংরক্ষণ, তরুণ পরিবার ও বলিউড চলচ্চিত্রশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন রাজদম্পতি। আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচটি বিজয়ী প্রকল্পের নাম ঘোষণা করা হবে।

মনোনীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতে বৈদ্যুতিক রিকশার ব্যবহার বাড়ানোর উদ্যোগ এবং দ্রুত সময়ে দাবানল শনাক্ত করতে সক্ষম একটি প্রযুক্তি।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ভারতের চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। এতে সংগীত পরিবেশন করবে ব্রিটিশ ব্যান্ড ‘টেক দ্যাট’। অতিথিদের মধ্যে অভিনেতা রামি মালেক এবং অস্ট্রেলীয় পরিবেশ সংরক্ষণকর্মী রবার্ট আরউইনের উপস্থিত থাকার কথা রয়েছে।

উইলিয়াম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, গত ছয় বছরে আর্থশট প্রাইজে অসাধারণ অবদান রেখেছে ভারত। এই পুরস্কারের চূড়ান্ত মনোনীত ও বিজয়ীদের মধ্যে অন্য যেকোনো দেশের তুলনায় ভারতের প্রতিনিধিত্ব বেশি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝