ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জবিতে আওয়ামীপন্থি ৫ কর্মকর্তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় একটি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও জব্দ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আটক কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

অভিযান চলাকালে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা বিভিন্ন দপ্তরে গিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী স্লোগান দেন। এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটক কর্মকর্তাদের মারধরও করা হয়।

ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানান তারা।

ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো সক্রিয় কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের বিষয়ে তারা কোনো আপস করবেন না। অভিযানে চিহ্নিত কয়েকজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তার দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং তাদের অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে।

তিনি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত জানা যায়নি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝