ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাবি সংস্কার আন্দোলন: প্রশাসনকে ৪ দিনের আলটিমেটাম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ৫:৪০ পিএম
X

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

এ সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছে, তা অব্যাহত রাখা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একই সঙ্গে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামো সচল রাখার জন্য জরুরি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ না নিলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া রাকসু নির্বাচন ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব সক্রিয় ছাত্রসংগঠনকে চলমান কর্মসূচিতে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। নেতারা বলেন, রাকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর প্রত্যাশা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যুক্ত হবেন।

তিনি আরও বলেন, ছাত্র সংসদের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি, সন্ত্রাস, আসন বাণিজ্য ও বাকি খাওয়ার রাজনীতি আবার ফিরে আসতে পারে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে সালাউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসগুলোকে আবার পুরোনো ‘ক্যান্টনমেন্টে’ পরিণত হতে দেওয়া যাবে না। শিক্ষার্থীদের হল ও ভবনে তাঁদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সেখানে অনৈতিক হস্তক্ষেপ প্রতিহত করতে হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন সম্পাদক উপস্থিত ছিলেন।

এইচসি/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝