ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মঙ্গলবার ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি-জবি কর্তৃপক্ষ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:০০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যেসব শিক্ষক গত মঙ্গলবার ক্লাস নেননি, তাদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। ওই দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ধর্মঘট ডেকেছিল। গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা এক নোটিশে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়ে নির্দেশনা দেওয়া হয়। বুধবার বিকেল ৪টার মধ্যে তালিকাটা জমা দিতে বলা হয়েছিল। তবে কোনো তালিকা জমা হয়নি বলে উপাচার্য জানিয়েছেন।

নোটিশে বলা হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত ছিলেন, তাদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দেওয়া হয়।

তবে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, কোনো তালিকা তিনি পাননি। এমন তালিকা চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুধু মঙ্গলবার না, কয়েক দিন ধরেই ক্যাম্পাসে অস্থিতিশীলতা বিরাজ করছে। ফলে শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হচ্ছে। কেউ যদি কোনো নোটিশ ছাড়া ক্লাসে না আসেন তাহলে তার কারণ জানার জন্যই মূলত তালিকাটা চাওয়া হয়েছে।

এদিকে মঙ্গলবার ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা-কর্মচারী হলেন– রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

নিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে আমানুল্লাহ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন।

এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে ক্যাম্পাস ছেড়ে গেছেন দুই বিদেশি শিক্ষার্থী। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার ক্যাম্পাসে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই দুই শিক্ষার্থী বুধবার সকালে তাঁকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলে যান।

এদিকে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা হয়েছে কিনা, তা জানাতে হবে। একই সঙ্গে ওই দিন ক্লাস ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কিনা এবং অনুপস্থিত থাকলে তিনি যথাযথ প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন কিনা, সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে।

এসব তথ্য তিন কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের অনুরোধ জানানো হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝