প্রাথমিক শিক্ষাকে শুধু পাঠ্যবই ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের কৌতূহল, সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বিশ্লেষণী চিন্তার বিকাশে উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষার সমন্বিত প্রয়োগ এবং হাতে-কলমে শেখার পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে গণসাক্ষরতা অভিযান ও নেটজ-বাংলাদেশের যৌথ আয়োজনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল ডিভাইসের ক্রমবর্ধমান প্রভাবের এ সময়ে শিশুদের স্বাভাবিক কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি ও সামগ্রিক বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, বর্তমানে অনেক শিশু তাদের অবসর ও সৃজনশীলতার সময় ডিজিটাল ডিভাইসে ব্যয় করছে। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে ভবিষ্যতের কর্মজগৎ ও দক্ষতার চাহিদায় বড় পরিবর্তন আসবে। অনেক প্রচলিত কাজের ধরন বদলে যাবে, আবার কিছু কাজের প্রয়োজনীয়তাও কমে আসবে। তাই আগামী প্রজন্মকে প্রস্তুত করতে প্রাথমিক স্তর থেকেই সমস্যা সমাধানের দক্ষতা ও নতুন কিছু শেখার সক্ষমতা গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু তথ্য জানাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত নয়; বরং তথ্য বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা তৈরি করতে হবে।
প্রাথমিক শিক্ষার পরিমার্জিত শিক্ষাক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেম শিক্ষাকে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষামূলক খেলনা ও উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রথম শ্রেণিতে যোগ-বিয়োগ শেখানো কিংবা তৃতীয় শ্রেণিতে পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উপকরণ কাজে লাগানো যেতে পারে।
কোন শ্রেণির কোন অধ্যায়ে কী ধরনের খেলনা বা শিক্ষাসামগ্রী ব্যবহার করলে শিশুরা সহজে শিখতে পারবে, সে বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কাজ শুরু করেছে। এ উদ্যোগে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা করা হবে, যাতে স্থানীয়ভাবে মানসম্মত ও পাঠ্যক্রম উপযোগী শিক্ষাসামগ্রী তৈরি করা যায়।
আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু উপস্থিতি নিশ্চিত করতে নয়, বরং নতুন কিছু শেখার আগ্রহ ও আনন্দ নিয়ে বিদ্যালয়ে আসে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এ লক্ষ্যে পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪২০টির বেশি শিক্ষামূলক খেলা তৈরির কাজ শুরু হয়েছে। শ্রেণি ও পাঠভিত্তিক এসব খেলার মাধ্যমে বাংলা, গণিত, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের পাঠ শিশুদের কাছে আরও সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক) ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তব্যে তিনি অতিথি, গবেষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে সব শিশুর জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী স্টেম শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় ও যৌথ অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান।
এসএস