চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন করেছেন ১১টি শিক্ষা বোর্ডের ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ বোর্ডে মোট ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছে।
ঢাকা বোর্ডে বিষয়ভিত্তিক আবেদনের মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন করা হয়েছে।
বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। বিষয়টির প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে আবেদন জমা হয়েছে। জীববিজ্ঞানের দুই পত্রে আবেদন পড়েছে ১৫ হাজার ৭৫৭টি করে।
মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ২ হাজার ৩৩১টি আবেদন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এদিকে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর সারা দেশে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।
এফএস