ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গত তিন দিনে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদারসহ কঠোর পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনায় একজন আহত হয়েছেন। এদিকে বিস্ফোরণ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হচ্ছে।
বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে নজরদারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার নজরদারিও জোরদার করা হচ্ছে।
এদিকে ককটেল বিস্ফোরণ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পেয়েছে প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসন জানায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এফএস